৯ কোটির চেক বাউন্স মামলায় দিল্লি উচ্চ আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর মুখ খুললেন রাজপাল যাদবের (Rajpal Yadav) আইনজীবী ভাস্কর উপাধ্যায়। তিনি জানিয়েছেন, ৫ কোটির মধ্যে ইতিমধ্যেই আড়াই কোটি টাকা শোধ করে দিয়েছেন তাঁর মক্কেল। তবে মামলাকারী সংস্থা শুনানি মুলতুবির আবেদন জানিয়েছে। সেই কারণে এখন সোমবারের শুনানির দিকেই তাকিয়ে রয়েছেন অভিনেতার আইনজীবী (Rajpal Yadav)।
ভাস্কর উপাধ্যায় জানিয়েছেন, রাজপালের (Rajpal Yadav) ম্যানেজার তিহাড় জেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন। বাকি টাকা কীভাবে শোধ করা হবে, তা নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, ধার নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়নি। তবে আগেও টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও অভিযোগকারী সংস্থা তা নিতে রাজি হয়নি। ২০১২ সালের চুক্তির হিসেব মিলাতে সময় লেগেছে। এখন পর্যন্ত আড়াই কোটি টাকা মেটানো হয়েছে বলেই দাবি তাঁর। সোমবার আদালত কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।
এদিকে ‘বাড়িতে দাদার মেয়ের বিয়ে’ থাকার কারণ দেখিয়ে জামিন চেয়েছিলেন রাজপাল (Rajpal Yadav)। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি স্বর্ণা কান্তের বেঞ্চ। আদালত জানায়, এর আগে বহুবার হাজিরা দিয়েছেন তিনি। এমনকি একজন সিনিয়র আইনজীবীও তাঁর হয়ে আদালতে বক্তব্য রেখেছিলেন। আদালতের মতে, অভিযোগকারী সংস্থার পাওনা মেটাতে দীর্ঘদিন দেরি হয়েছে এবং ক্ষতিপূরণ দিয়েও বিষয়টির নিষ্পত্তি করা যায়নি। ফলে আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অভিনেতাকে।
২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ ছবির জন্য দিল্লির একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন রাজপাল। ছবিটি বক্স অফিসে সফল না হওয়ায় সেই টাকা ফেরত দিতে পারেননি। এরপর বিষয়টি আদালতে গড়ায়।
গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই বলিউডের বহু তারকা সাহায্যের হাত বাড়িয়ে দেন। রাজপালের ম্যানেজার গোল্ডি জানিয়েছেন, সোনু সুদ, সলমন খান, অজয় দেবগন, ডেভিড ধাওয়ান, বরুণ ধাওয়ান-সহ অনেকেই আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন। মিকা সিং, গুরু রানধাওয়া ও অনুপ জলোটাও সাহায্য করেছেন। অভিনেতার স্ত্রী রাধা যাদব জানিয়েছেন, গোটা ইন্ডাস্ট্রি তাঁদের পাশে দাঁড়িয়েছে।
বলিউডের এই আর্থিক সাহায্যেই কি আড়াই কোটি টাকা শোধ করা হয়েছে? সেই প্রশ্নের উত্তর মিলতে পারে সোমবারের শুনানিতে। আপাতত আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রাজপাল যাদব ও তাঁর পরিবার।













