পর্দায় তিনি ছিলেন জনপ্রিয় অভিনেতা, কিন্তু নিজের পাড়ায় তিনি শুধু রাহুল। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই স্তব্ধ হয়ে গেছে বিজয়গড়। এখনও কেউ বিশ্বাস করতে পারছেন না, তাঁদের প্রিয় মানুষটি আর নেই। খবর পাওয়ার পর থেকেই তাঁর বাড়ির সামনে ভিড় জমিয়েছেন পাড়ার মানুষ। সকলের একটাই প্রশ্ন, সত্যিই কি রাহুল আর ফিরবেন না?
ছোট থেকে বড় হওয়া—সবটাই এই পাড়ার চোখের সামনে (Rahul Banerjee)। প্রতিবেশীদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল একেবারেই ঘরোয়া। রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে গল্প করতেন, পুজোর সময় সবার সঙ্গে মিশে যেতেন, আবার পাড়ার খেলাধুলোতেও সমান উৎসাহে অংশ নিতেন (Rahul Banerjee)। ক্রিকেট হোক বা ফুটবল, যে কোনও টুর্নামেন্টেই হাজির থাকতেন তিনি। তখন তিনি আর তারকা নন, সবার পরিচিত রাহুলদা।
খুব সহজ সরল জীবনযাপন করতেন রাহুল (Rahul Banerjee)। তারকাসুলভ দূরত্ব তিনি কখনও তৈরি করেননি। স্পষ্টভাষী এবং সাহসী স্বভাবের জন্য পাড়াতেও তিনি ছিলেন খুব জনপ্রিয়। ফুটবলে ইস্টবেঙ্গলের প্রতি তাঁর ভালোবাসা ছিল প্রবল। পাশাপাশি আর্জেন্টিনা দলের বড় সমর্থক ছিলেন। বিশ্বকাপে আর্জেন্টিনা জেতার পর সাধারণ মানুষের মতোই রাস্তায় নেমে উদযাপন করেছিলেন তিনি (Rahul Banerjee)।
এই মানুষটিকেই হঠাৎ হারিয়ে শোকে ডুবে গেছে গোটা এলাকা। স্মৃতিতে ভাসছে তাঁর সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত। অনেকেই বলছেন, এমন মানুষ খুব কমই দেখা যায়, যিনি এত বড় অভিনেতা হয়েও একেবারে মাটির মানুষ হয়ে থাকতে পারেন।
রবিবার তালসারি সমুদ্রসৈকতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিলেন রাহুল। যদিও দুর্ঘটনার সময় শুটিং চলছিল না। সমুদ্রে নামার পর তিনি তলিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র তেতাল্লিশ বছর বয়সে তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড এবং তাঁর অসংখ্য অনুরাগী।












