জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তিনি নিজেও হতবাক হয়ে পড়েছেন। রবিবার এই দুঃসংবাদ সামনে আসতেই তিনি সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এত অল্প বয়সে এমন একজন প্রতিভাবান অভিনেতার (Rahul Banerjee) চলে যাওয়া তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা তিনি বুঝে উঠতে পারছেন না। রাহুলকে তিনি শুধু অভিনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও খুব পছন্দ করতেন বলেও উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাহুলের (Rahul Banerjee) এই আকস্মিক মৃত্যু বাংলা অভিনয় জগতের জন্য এক বড় ক্ষতি। টলিউড এবং টেলিভিশন জগত— দুই ক্ষেত্রেই তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি রাহুলের পরিবার, পরিজন এবং অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানিয়েছেন।
রবিবার তালসারির সমুদ্রসৈকতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। একটি ধারাবাহিকের শুটিংয়ের কাজে সেখানে গিয়েছিলেন রাহুল (Rahul Banerjee)। শুটিং শেষ হওয়ার পর তিনি সমুদ্রে নামেন এবং হঠাৎই তলিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র তেতাল্লিশ বছর বয়সে তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বিনোদন জগৎ।











