সুরের জগতের এক সোনালি অধ্যায়ের অবসান হল। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল। এই মৃত্যু শুধু একজন শিল্পীর নয়, ভারতীয় সঙ্গীতের একটি যুগের সমাপ্তি বলেই মনে করছেন অনেকে।
প্রখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায় এই খবরে গভীরভাবে ভেঙে পড়েছেন। তিনি জানান, শুধু একসঙ্গে গান গাওয়া নয়, আশা ভোঁসলের (Asha Bhosle) কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। তাঁর কথায়, লতা মঙ্গেশকরের মৃত্যুর পর যে শূন্যতা তৈরি হয়েছিল, তা অনেকটাই পূরণ করেছিলেন আশা ভোঁসলে।
আরতি মুখোপাধ্যায় আরও বলেন, এই অসাধারণ প্রতিভা তাঁদের (Asha Bhosle) পরিবার থেকেই এসেছে। তাঁদের বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন অত্যন্ত সম্মানিত সঙ্গীতজ্ঞ। ছোটবেলা থেকেই মঞ্চে গান গেয়ে নিজের যাত্রা শুরু করেছিলেন আশা ভোঁসলে।
তাঁর কণ্ঠের (Asha Bhosle) বহুমুখিতা নিয়ে আরতি মুখোপাধ্যায় বলেন, কঠিন রাগভিত্তিক গানও খুব সহজে গাইতে পারতেন তিনি। তাঁর মতে, এমন শিল্পী আর পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি যেভাবে গান পরিবেশন করতেন, তা নতুন প্রজন্মের জন্য এক বড় শিক্ষা হয়ে থাকবে।
৯২ বছর বয়সে মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দীর্ঘ আট দশকের কেরিয়ারে তিনি ২০টিরও বেশি ভাষায় ১১ হাজারের বেশি গান গেয়েছেন। বিভিন্ন ধরনের গানে তাঁর দক্ষতা তাঁকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।
আগামীকাল মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে শুধু সঙ্গীত জগত নয়, দেশের অসংখ্য মানুষের মনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর গানই তাঁকে চিরকাল বাঁচিয়ে রাখবে।












