ইসলামাবাদে দীর্ঘ একুশ ঘণ্টার বৈঠক, কিন্তু শেষ পর্যন্ত কোনও সমাধান মেলেনি। আমেরিকা ও ইরানের মধ্যে এই ম্যারাথন আলোচনা কার্যত ব্যর্থ হয়েছে (Iran War)। বৈঠক শেষে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, তাদের পক্ষ থেকে সব চেষ্টা করা হলেও ইরান কোনও শর্ত মানতে রাজি হয়নি। ফলে কোনও চুক্তি ছাড়াই ফিরতে হয়েছে তাঁদের (Iran War)।
ভান্সের এই মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া দেয় ইরান। তেহরানের দাবি, আমেরিকার দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং সেই কারণেই আলোচনায় অগ্রগতি হয়নি। ইরানের সরকারি সূত্র জানায়, দেশের স্বার্থ রক্ষা করেই তারা দীর্ঘ সময় আলোচনা চালিয়েছে, কিন্তু আমেরিকার কঠোর অবস্থানের জন্যই বৈঠক ভেস্তে গিয়েছে (Iran War)।
বৈঠকের অন্যতম বড় জট ছিল হরমুজ প্রণালী নিয়ে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ তারা ছাড়বে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ খুলতেই হবে এবং সেই লক্ষ্যে কাজ শুরু হয়েছে। (Iran War)
প্রায় এক মাসের সংঘর্ষের পর এই বৈঠকের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। অনেকেই আশা করেছিলেন, এর মাধ্যমে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। কিন্তু দীর্ঘ আলোচনার পরও কোনও চুক্তি না হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
ভান্স জানান, আমেরিকা তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়েছে—কোথায় আপস সম্ভব আর কোথায় নয়। কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাঁর মতে, এই পরিস্থিতি ইরানের পক্ষেই ক্ষতিকর।
এদিকে আবারও নতুন করে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ইসলামাবাদের তরফে বৈঠকের সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হতে পারে। তবে সেই বৈঠক আদৌ হবে কি না এবং হলেও কোনও সমাধান বেরোবে কি না, তা নিয়েই বাড়ছে অনিশ্চয়তা।











