আফগানিস্তানের আকাশসীমায় ঢুকে হামলা চালাতে গিয়ে বড় বিপাকে পড়েছে পাকিস্তান বায়ুসেনা (Pakistan Fighter Jet)। তালিবানের জবাবি হামলায় একটি পাক যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে খবর। সেই সঙ্গে পাক বায়ুসেনার এক উইং কমান্ডারকে বন্দি করা হয়েছে বলেও দাবি। আফগান সেনা ও পুলিশের সূত্র উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকালে জালালাবাদ শহর ও সংলগ্ন বায়ুসেনা ঘাঁটির কাছে পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় (Pakistan Fighter Jet)। বিস্ফোরণের ঠিক আগে আকাশে জেট বিমানের শব্দ পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি মাটিতে আছড়ে পড়ে। জালালাবাদ কাবুল ও পাকিস্তান সীমান্তের সংযোগকারী গুরুত্বপূর্ণ এলাকা। কৌশলগত দিক থেকে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়।
সূত্রের খবর, আফগানিস্তানের এই এলাকায় পাকিস্তানের বিমান দেখা যেতেই তালিবান হামলা চালায়। তার জেরেই যুদ্ধবিমানটি ভূপাতিত হয় বলে দাবি (Pakistan Fighter Jet)। মাটিতে পড়ার আগে পাইলট কোনওভাবে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে তাঁকে বন্দি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
এরই মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের মাটিতে একাধিক জায়গায় বড় হামলা চালিয়েছে। পাক সেনার বক্তব্য অনুযায়ী, ২২টি স্থানে হামলা করে বহু তালিবান যোদ্ধাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে, আফগানিস্তানের পাল্টা আক্রমণে তাদের ১২ জন সেনার মৃত্যু হয়েছে। তবে তালিবানের দাবি, মৃতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি।
সব মিলিয়ে সীমান্তে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আকাশপথে হামলা চালাতে গিয়ে যুদ্ধবিমান খোয়ানো পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।













