পশ্চিম এশিয়ায় উত্তেজনা কিছুটা কমতেই নতুন করে চিন্তার কারণ তৈরি হল পূর্ব এশিয়ায়। বুধবার আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া (North Korea)। এই ঘটনায় দক্ষিণ কোরিয়ায় চরম সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় দুপুরে ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এর আগে একই এলাকা থেকে একাধিক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে (North Korea)।
দক্ষিণ কোরিয়ার সেনার দাবি, মাত্র দু’দিনের মধ্যে এটি দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। মঙ্গলবারও পিয়ংইয়ং এলাকা থেকে সন্দেহজনক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। চলতি বছরে এখনও পর্যন্ত মোট ছয়বার এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে কিমের দেশ (North Korea)।
এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জরুরি বৈঠক ডেকেছেন। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক নিয়মের বিরোধী এবং তা বন্ধ করা উচিত (North Korea)।
উল্লেখ্য, গত মাসে দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া হয়েছিল। সেই মহড়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে উত্তর কোরিয়া। তাদের দাবি, এই ধরনের মহড়া আসলে ভবিষ্যতের সামরিক হামলার প্রস্তুতি।
বিশেষজ্ঞদের মতে, সেই মহড়ার পর থেকেই উত্তর কোরিয়া আরও বেশি করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে। ফলে পূর্ব এশিয়ায় নতুন করে উত্তেজনা বাড়ছে এবং পরিস্থিতি কোন দিকে এগোয়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।













