মধ্যপ্রাচ্যের সংঘাত ক্রমেই ছড়িয়ে পড়ছে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে (Middle East Crisis)। বুধবার ইরানের একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশেই ধ্বংস করে দেয় (Middle East Crisis)। হামলার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনার তীব্র নিন্দা করেছে ন্যাটো।
এই ঘটনার পর তুরস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ হাসান হাবিবুল্লাজাদেহ-কে তলব করেছে আঙ্কারা (Middle East Crisis)। কূটনৈতিক স্তরে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।
গত শনিবার আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। তার পর থেকেই মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। তবে যুদ্ধ শুরুর পর এই প্রথম তুরস্কের আকাশসীমায় সরাসরি ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে (Middle East Crisis)।
তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ফোনে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি-কে সতর্ক করেছেন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলে কড়া পালটা ব্যবস্থা নেওয়া হবে। একই ধরনের হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব-ও।
কেন তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র গেল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ইচ্ছাকৃত হামলা নাকি প্রযুক্তিগত ত্রুটি, তা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনার জেরে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়বে কি না, তা নিয়েই এখন বিশ্বজুড়ে উদ্বেগ।











