অস্ট্রেলিয়ায় (Australia) মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর ও চুরির ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল ভারত। এই ঘটনাকে কঠোর ভাষায় নিন্দা করে ভারত সরকার জানিয়েছে, বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার (Australia) প্রশাসনের কাছে তোলা হয়েছে এবং দ্রুত মূর্তিটি উদ্ধার ও দোষীদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, মেলবোর্নের (Australia) রোলভিলে অবস্থিত অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টার থেকে মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি সরিয়ে নেওয়া ও ভাঙচুরের ঘটনা ভারত সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তাঁর কথায়, অস্ট্রেলিয়ার (Australia)কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে এবং দোষীদের জবাবদিহির আওতায় আনতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৪২৬ কেজি ওজনের এই ব্রোঞ্জের মূর্তিটি ভারতীয় সংস্কৃতি সম্পর্ক পরিষদ বা আইসিসিআর-এর তরফে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। ২০২১ সালে তৎকালীন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের উপস্থিতিতে ওই মূর্তির উদ্বোধন হয়।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মূর্তিটি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে নিচের অংশ থেকে কেটে ফেলা হয়। মঞ্চে শুধুমাত্র মূর্তির পা পড়ে ছিল। পুরো ঘটনাটি আংশিকভাবে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পরদিনই বিষয়টি পুলিশের কাছে জানানো হয়।
অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি চ্যারিটেবল ট্রাস্টের কমিটির সদস্য সন্তোষ কুমার জানান, এই ঘটনায় গোটা ভারতীয় সম্প্রদায় গভীরভাবে মর্মাহত। তাঁর দাবি, ঘটনার সময় অভিযুক্তরা মুখে মাস্ক পরেছিলেন।
এই ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। দ্রুত মূর্তিটি উদ্ধার হবে এবং দোষীদের শাস্তি হবে বলেই আশা প্রকাশ করেছে ভারতীয় মহল।













