পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে। ইরান স্পষ্ট (Iran War) হুঁশিয়ারি দিয়েছে, ওই অঞ্চলে থাকা আমেরিকার সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়গুলিও হামলার লক্ষ্য হতে পারে। এই সতর্কবার্তার পর গালফের বিভিন্ন দেশে থাকা বহু ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার চরম দুশ্চিন্তায় পড়েছেন।
ইরানের (Iran War) বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যদি আমেরিকা তাদের বিশ্ববিদ্যালয়গুলিতে হামলার বিরুদ্ধে সরাসরি নিন্দা না করে, তবে ওইসব ক্যাম্পাসকে বৈধ লক্ষ্য হিসেবে ধরা হতে পারে। এমনকি ছাত্র, শিক্ষক এবং আশেপাশে থাকা মানুষদেরও অন্তত এক কিলোমিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘোষণার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সম্প্রতি তেহরানে (Iran War) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। একটি বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। যদিও ওই ঘটনায় কোনও প্রাণহানির খবর মেলেনি। তবে এই ঘটনার পরেই ইরানের পক্ষ থেকে এই কঠোর হুঁশিয়ারি আসে।
গালফ অঞ্চলে একাধিক আমেরিকান বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার মার্কিন ছাত্র বর্তমানে এইসব ক্যাম্পাসে রয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ইতিমধ্যেই কয়েকটি জায়গায় ছাত্রদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান একাধিকবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলেও খবর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই হামলা হয়েছে এবং বড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে ইরান আগেই সতর্ক করেছিল, প্রয়োজনে সাধারণ স্থাপনাও হামলার লক্ষ্য হতে পারে।
এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যুদ্ধ আরও বাড়লে কী হতে পারে, তা নিয়ে চিন্তায় পড়েছে গোটা বিশ্ব। যদিও আমেরিকার পক্ষ থেকে এই হুঁশিয়ারি নিয়ে এখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া জানানো হয়নি।










