আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর বিলাসবহুল মার-এ-লাগো রিসর্টে নিরাপত্তারক্ষীদের গুলিতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, অনুমতি ছাড়া রিসর্টে ঢোকার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি এবং তাঁর কাছে আগ্নেয়াস্ত্রও ছিল।
রবিবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ফ্লোরিডার পাম বিচে অবস্থিত এই রিসর্টের উত্তর দিকের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করেন আগন্তুক। নিরাপত্তারক্ষীরা প্রথমে তাঁকে বাধা দেন এবং থামতে নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিনি ভিতরে ঢোকার চেষ্টা চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে এক সিক্রেট সার্ভিস এজেন্ট এবং পাম বিচ কাউন্টির এক ডেপুটি শেরিফ গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
ঘটনার সময় রিসর্টে উপস্থিত ছিলেন না ট্রাম্প (Donald Trump)। তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প বর্তমানে হোয়াইট হাউসে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে।
এর আগেও ট্রাম্পকে (Donald Trump) লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। ২০২৪ সালের তেরো জুলাই পেনসিলভ্যানিয়ায় নির্বাচনী প্রচারের সময় হামলার মুখে পড়েছিলেন তিনি এবং আহতও হন। পরে একই বছরের পনেরো সেপ্টেম্বর ওয়েস্ট পাম বিচের গল্ফ কোর্সে রাইফেল হাতে এক বন্দুকধারী ঢুকে পড়েছিল, যখন ট্রাম্প সেখানে গল্ফ খেলছিলেন। চলতি মাসের শুরুতেই সেই বন্দুকধারীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত।













