হরমুজ প্রণালী (Hormuz Strait) খুলে দেওয়ার দাবি করা হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে রয়ে গেছে গভীর উদ্বেগ। কারণ, ওই জলপথে কোথাও সামান্য ভুল হলেই বড় বিপদ ঘটতে পারে। খবর অনুযায়ী, জলের নীচে ছড়িয়ে রাখা হয়েছে বিস্ফোরক মাইন, যা যে কোনও সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে।
ইরানের সংবাদ সংস্থা ISNA একটি মানচিত্র প্রকাশ করে দাবি করেছে, প্রণালীর জলের তলায় ছড়িয়ে রয়েছে এই মারণ ফাঁদ। জাহাজ যদি নির্দিষ্ট পথ থেকে সরে যায়, তাহলে বিস্ফোরণ ঘটতে পারে। বিশেষ করে জ্বালানি বোঝাই জাহাজের ক্ষেত্রে সেই বিপদের মাত্রা আরও বেশি (Hormuz Strait)।
এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেনি ইরান। বরং ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখেই জাহাজ চলাচল করতে হবে (Hormuz Strait)। ইরানের রেভলিউশনারি গার্ডও সতর্ক করে দিয়েছে, নির্দিষ্ট পথ ছাড়া অন্য কোথাও দিয়ে যাওয়া উচিত নয়। তারা এমনকি কোন পথে চললে বিপদ এড়ানো যাবে, সেই নির্দেশও দিয়েছে।
কূটনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের খবর ছড়িয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করার চেষ্টা করছে ইরান। বিশেষ করে আসন্ন কূটনৈতিক আলোচনার আগে আমেরিকা ও ইজরায়েলের উপর চাপ বাড়ানোই এর লক্ষ্য হতে পারে। অন্যদিকে, প্রণালী নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Hormuz Strait)।
যদিও ইরানের দাবি, প্রণালী খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনও স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়নি বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। ফলে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হলেও হরমুজ প্রণালীর সংকট এখনও কাটেনি।












