বাংলাদেশের (Bangladesh) জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সরব হল বিএনপি। দলীয় প্রধান তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভোট যদি সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে না হয়, তবে সেই ফলাফল তারা মানবেন না। তাঁর অভিযোগ, নির্দিষ্ট একটি দল বিভিন্ন জায়গায় প্রভাব খাটাচ্ছে এবং ভোটারদের স্বাধীন ভাবে মত প্রকাশ করতে বাধা দিচ্ছে।
তারেক রহমান (Bangladesh) বলেন, গতকাল থেকেই তাঁরা লক্ষ্য করছেন একটি বিশেষ দল ভোটে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। মানুষকে শান্তিপূর্ণ ভাবে ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসের সুরে জানান, সুষ্ঠু ভোট হলে তাঁর দলই জয়ী হবে।
অন্যদিকে জামাতও (Bangladesh) দেশের বিভিন্ন প্রান্তে রিগিংয়ের অভিযোগ তুলেছে। তাদের দাবি, ভোটকে প্রভাবিত করার একাধিক ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই একশোরও বেশি ভিডিও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। জামাতের অভিযোগ, শুধু কুমিল্লাতেই তাদের প্রায় ৩০ জন পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারদের কাছে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে। এ বিষয়ে দলীয় প্রার্থীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে জামাতের (Bangladesh) আমির শফিকুর রহমান জানিয়েছেন, কিছু জায়গায় বিএনপি প্রভাব খাটানোর চেষ্টা করলেও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে। তিনি বলেন, তাঁর নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫-র একটি কেন্দ্রে বিরোধী পক্ষ প্রভাব খাটাতে গেলে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন। তাঁর মতে, সামগ্রিকভাবে ভোট মোটামুটি শান্তিপূর্ণ হলেও দুপুর ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি আগের গ্রহণযোগ্য নির্বাচনের তুলনায় কিছুটা কম।
এরই মধ্যে কুমিল্লায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন হামলার অভিযোগ উঠেছে। কুমিল্লা-১১ আসনের ওই কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইন ছিল। কিন্তু দুপুরের দিকে একের পর এক ককটেল ফাটানো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন ভোটাররা বলে অভিযোগ।
সব মিলিয়ে রিগিং, বুথ দখল ও অশান্তির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় এবং শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।












