আগেই জল্পনা তৈরি হয়েছিল। এ বার তাতেই সিলমোহর দিল নির্বাচন কমিশন। উত্তর প্রদেশে (Uttar Pradesh) ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের সময়সীমা বাড়ানো হল। আপত্তি জানানো থেকে শুরু করে চূড়ান্ত তালিকা প্রকাশ— পুরো প্রক্রিয়ার দিনক্ষণে বদল এনেছে উত্তর প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানিয়েছেন, ৬ ফেব্রুয়ারির মধ্যে বিপুল সংখ্যক ফর্ম ৬ জমা পড়েছে। সেই কারণেই ভোটার তালিকার নিবিড় পরিমার্জন সংক্রান্ত আপত্তি জানানোর সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে (Uttar Pradesh)। এর ফলে উত্তর প্রদেশের ভোটাররা আগামী ৬ মার্চ পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি জানাতে পারবেন। একই সঙ্গে নতুন নাম তোলা বা ভুল নাম বাদ দেওয়ার আবেদনও করা যাবে।
নির্বাচন কমিশন জানায়, জমা পড়া সমস্ত আবেদন ২৭ মার্চের মধ্যে খতিয়ে দেখা হবে (Uttar Pradesh) । অর্থাৎ ওই দিন পর্যন্ত চলবে শুনানি প্রক্রিয়া। আগে উত্তর প্রদেশে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য ছিল ৬ মার্চ। কিন্তু আপত্তি জানানোর সময়সীমা এক মাস বাড়ায় চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, এখন উত্তর প্রদেশে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী ১০ এপ্রিল।
এদিকে পশ্চিমবঙ্গেও বিষয়টি ঘিরে তৈরি হয়েছে জল্পনা। রাজ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে। শুনানির মাধ্যমে ভোটারদের তথ্য যাচাইয়ের শেষ দিন ৭ ফেব্রুয়ারি। কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগেও ১০ থেকে ১৫ লক্ষ ভোটারের শুনানি বাকি ছিল। সেই কারণে বাংলাতেও সময়সীমা বাড়তে পারে বলে জল্পনা চলছে। যদিও এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।











