পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে ফের রক্তাক্ত শেয়ারবাজার (Indian Stock Market)। বুধবার দালাল স্ট্রিট খুলতেই বড় ধাক্কা খেলেন বিনিয়োগকারীরা। ৯ মাস পর ৭৯ হাজার পয়েন্টের নীচে নেমে গেল সেনসেক্স। একই সঙ্গে তীব্র পতন দেখা গেল নিফটি ৫০ সূচকেও (Indian Stock Market।
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব যে বাজারে পড়বে, সেই আশঙ্কা আগেই ছিল। সোমবার থেকেই পতন শুরু হয়েছিল (Indian Stock Market। মঙ্গলবার দোল উৎসবের কারণে বাজার বন্ধ ছিল। বুধবার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ে যায় সেনসেক্স। দিনের শুরুতেই প্রায় দেড় হাজার পয়েন্ট নেমে ৭৮ হাজার ৫৯৪ পয়েন্টে পৌঁছয় সূচক। নিফটিও সকাল ৯টা ১৬ মিনিটে প্রায় ৪৮৫ পয়েন্ট পড়ে ২৪ হাজার ৪০০ পয়েন্টে নেমে আসে। প্রায় ১ দশমিক ৯৫ শতাংশ পতন হয় নিফটির। বর্তমানে দুই সূচকই লাল চিহ্নে রয়েছে।
শুধু শেয়ারবাজার নয়, যুদ্ধ পরিস্থিতির জেরে সোনার দাম যেমন বাড়ছে, তেমনই আন্তর্জাতিক বাজারে তেলের দামও ঊর্ধ্বমুখী। বিভিন্ন রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের অর্থনীতিতে বড় চাপ পড়তে পারে। গত পাঁচ দিনে সেনসেক্স প্রায় ৪ হাজার পয়েন্টের বেশি পড়েছে (Indian Stock Market। অন্যদিকে নিফটিতেও হাজার পয়েন্টের বেশি পতন হয়েছে।
অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে বাজারে অস্থিরতা থাকবেই। ইতিহাস বলছে, যুদ্ধের প্রভাব শেয়ারবাজারে পড়ে। শুধু ভারত নয়, জাপান ও চিন-সহ বিশ্বের বিভিন্ন দেশেও বাজারে ওঠানামা দেখা যাচ্ছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন বাজারে অস্থিরতা চলতে পারে।
তবে তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, আতঙ্কে কিছু বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিচ্ছেন বলেই পতন বাড়ছে। অন্যদিকে দেশীয় বিনিয়োগকারীরাও বাজারে সক্রিয় আছেন, তাই বড় ধস নামছে না। কয়েকদিন ধরে ধীরে ধীরে পতন হতে পারে। ৪ থেকে ৫ হাজার পয়েন্ট পর্যন্ত সংশোধন হলেও তা অস্বাভাবিক নয় বলেই মত তাঁর।











