Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ফের কি বাতিল হবে রাহুলের সাংসদ পদ? লোকসভায় বিস্ফোরক দাবি বিজেপির
দেশ

ফের কি বাতিল হবে রাহুলের সাংসদ পদ? লোকসভায় বিস্ফোরক দাবি বিজেপির

rahul gandhi aaa
Email :4

অপরাধমূলক মানহানির মামলায় একবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হয়েছিল। পরে আদালতের নির্দেশে তিনি সেই পদ ফিরে পান। এবার ফের তাঁর সাংসদ পদ বাতিলের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানান, রাহুলের বিরুদ্ধে তিনি লোকসভায় একটি ‘সাবস্ট্যান্টিভ মোশন’ জমা দিয়েছেন।

নিশিকান্ত দুবের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে রাহুল (Rahul Gandhi) বারবার দেশবিরোধী ও ভিত্তিহীন মন্তব্য করছেন। এমন গুরুতর অভিযোগের পরও যদি কোনও শাস্তি না হয়, তা গ্রহণযোগ্য নয় বলে দাবি তাঁর। তিনি বলেন, রাহুল গান্ধী জর্জ সোরসের মতো দেশবিরোধী শক্তির মদতে সংসদ থেকে দেশকে বিভ্রান্ত করেছেন। তাঁর বক্তব্য দেশের ক্ষতি করছে। তাই রাহুলের সাংসদ পদ বাতিল করা হোক এবং তাঁকে আজীবনের জন্য নির্বাচনে লড়ার অযোগ্য ঘোষণা করা হোক। এই প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনা হওয়া উচিত বলেও দাবি করেছেন দুবে।

বাজেট অধিবেশন শুরু হওয়ার পর থেকেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কখনও প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত আত্মজীবনীর প্রসঙ্গ তুলে, কখনও ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে তিনি সরকারের কড়া সমালোচনা করেছেন। লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, সরকার ভারতকে আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছে। ভারতের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে এবং কৃষকদের স্বার্থে আপস করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাহুল আরও দাবি করেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় থাকলে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তির আলোচনায় ভারতকে সমান মর্যাদা দেওয়ার দাবি জানানো হত।

এই মন্তব্যের পরই বিজেপি শিবিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। দলের একাংশের মতে, বিরোধী দলনেতা সংসদে দাঁড়িয়ে ভিত্তিহীন অভিযোগ করছেন। কেউ কেউ তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার কথাও বলেন। তবে নিশিকান্ত দুবে সরাসরি সাংসদ পদ বাতিলের দাবিতে সরব হয়েছেন।

সব মিলিয়ে বাজেট অধিবেশন ঘিরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। রাহুল গান্ধীর বিরুদ্ধে আনা এই প্রস্তাব সংসদে কতদূর গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts