ইরানকে ঘিরে যুদ্ধের পরিস্থিতিতে গোটা পশ্চিম এশিয়া এখন অগ্নিগর্ভ। ইজরায়েল ও আমেরিকার হামলার জবাবে ইরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে (PM Modi)। সেই হামলার আঁচ লেগেছে জর্ডানেও। এই গুরুতর পরিস্থিতিতে জর্ডনের রাজা আবদুল্লা দ্বিতীয়ের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। জর্ডানের শান্তি, নিরাপত্তা ও সেখানকার মানুষের কল্যাণের প্রতি ভারতের সমর্থন জানিয়েছেন তিনি। পাশাপাশি জর্ডানে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
সোমবার রাতে ফোনালাপের পর সামাজিক মাধ্যমে মোদী (PM Modi) লেখেন, ওই অঞ্চলের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জর্ডানের জনগণের পাশে থাকার বার্তাও দেন তিনি।
শনিবার ইরানে হামলার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। ইজরায়েল এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করে তেহরান। দুবাইয়ের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে প্রশাসন। বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণের খবর সামনে আসে। নিরাপত্তার কারণে ওই ভবন খালি করে দেওয়া হয়। রবিবার ও সোমবারও হামলা অব্যাহত থাকে। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, আবুধাবির একটি নৌসেনা ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। রিয়াধে মার্কিন দূতাবাসেও হামলার খবর মিলেছে।
এই পরিস্থিতিতে বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এবং সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমানের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী (PM Modi)। সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে তিনি জানান, শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনা জরুরি। সৌদি আরব ও বাহারিনে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে উপসাগরীয় দেশগুলিতে থাকা ভারতীয়দের নিরাপত্তা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। কূটনৈতিক স্তরে সক্রিয় হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বার্তাই দিলেন প্রধানমন্ত্রী।













