ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইল অসম। বিমানবন্দর নয়, জাতীয় সড়কের উপর জরুরি অবতরণ করল প্রধানমন্ত্রীর (PM Modi) বিমান। অসমের মোরান বাইপাসে তৈরি নতুন ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।
প্রধানমন্ত্রীর (PM Modi) সি-১৩০জে বিমান জাতীয় সড়কের ৪.২ কিলোমিটার দীর্ঘ বিশেষভাবে তৈরি অংশে অবতরণ করে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এই জরুরি অবতরণ পরিষেবা তৈরি হয়েছে। এক্স হ্যান্ডেলে মোদী জানান, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উদ্ধারকাজ, ত্রাণ পৌঁছে দেওয়া এবং কৌশলগত কাজে এই ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এই ল্যান্ডিং ফেসিলিটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অসামরিক ও সামরিক—দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। জরুরি পরিস্থিতিতে ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও এটি কাজে লাগবে। ৪০ টন পর্যন্ত যুদ্ধবিমান এবং ৭৪ টন পর্যন্ত পরিবহন বিমান এখানে নামতে পারবে বলে জানানো হয়েছে। এর আগে ২০২১ সালে রাজস্থানের বারমেরে প্রথম এ ধরনের পরিষেবা চালু হয়েছিল।
চাবুয়া এয়ারফিল্ড থেকে উড়ে এসে প্রধানমন্ত্রীর (PM Modi) বিমান ৩৭ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারিত অংশে অবতরণ করে। বিমান থেকে নামার পর প্রায় ৪০ মিনিট ধরে চলে এয়ার শো। আকাশে শক্তিপ্রদর্শন করে ভারতীয় বায়ুসেনা-র তেজস, সুখোই এবং রাফাল যুদ্ধবিমান।
অসম সফরে এসে প্রধানমন্ত্রী (PM Modi) একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনও করবেন। ব্রহ্মপুত্র নদীর উপর নতুন সেতু চালু করবেন, যা উত্তর গুয়াহাটির সঙ্গে সংযোগ স্থাপন করবে। এতে যানজট কমবে এবং যাতায়াতের সময়ও কমবে বলে আশা। এছাড়া গুয়াহাটিতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের অস্থায়ী ক্যাম্পাস এবং ১০০টি ইলেকট্রিক বাস পরিষেবার সূচনা করবেন তিনি। পরে বিজেপি কর্মীদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী।
ভোটমুখী অসমে এই সফরকে রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জাতীয় সড়কে বিমানের অবতরণ ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।












