রবিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কিস্তওয়ার জেলায় বড়সড় সেনা অভিযান চালিয়ে দুই জঙ্গিকে নিকেশ করল যৌথ নিরাপত্তা বাহিনী। এখনও এলাকাজুড়ে তল্লাশি ও অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। সকালেই কিস্তওয়ারের ছাতরু বেল্ট এলাকায় গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ।
গোয়েন্দা সূত্রে জানা যায়, পার্বত্য এলাকার একটি মাটির বাড়ির ভিতরে জঙ্গিরা লুকিয়ে রয়েছে (Jammu and Kashmir)। যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছতেই আড়াল থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী এবং শুরু হয় তীব্র গুলির লড়াই। এই সংঘর্ষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একে সাতচল্লিশ রাইফেলসহ একাধিক অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে। নিহতদের মধ্যে একজন জইশ ই মহম্মদ জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে (Jammu and Kashmir)।
সেনার তরফে জানানো হয়েছে, দেশের শান্তি ও নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করলে কাউকেই রেহাই দেওয়া হবে না। উল্লেখ্য, গত এক মাসে ছাতরু জঙ্গলে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, ফলে এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বর্তমানে পুরো এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।













