ফের অশান্তির ইঙ্গিত উপত্যকায় (Jammu and Kashmir)। জম্মু ও কাশ্মীর-এর বিভিন্ন এলাকায় কাশ্মীরি পণ্ডিতদের লক্ষ্য করে হুমকি পোস্টার পড়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। স্বাভাবিকভাবেই পণ্ডিত সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরেও।
গত শতকের নব্বইয়ের দশকের শুরুতে উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের (Jammu and Kashmir) উপর আক্রমণ ও বিতাড়নের ঘটনা ঘটেছিল। সেই সময় বহু পণ্ডিত খুন হন এবং প্রাণভয়ে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যেতে বাধ্য হয়। যাঁরা সেই কঠিন সময়েও উপত্যকায় (Jammu and Kashmir) থেকে গিয়েছিলেন, তাঁদের প্রতিনিধিত্ব করে কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি। সংগঠনের পক্ষ থেকে পণ্ডিতদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগ, উপত্যকায় বর্তমানে যে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ রয়েছে, তা নষ্ট করতেই পরিকল্পিতভাবে এই হুমকি পোস্টার ছড়ানো হচ্ছে।
গত কয়েক মাস ধরেই জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী এবং একাধিক জঙ্গি নিহত হয়েছে বলেও জানা গিয়েছে (Jammu and Kashmir)। রবিবারও গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। অনেকের মতে, জঙ্গিদমন অভিযানে নিরাপত্তাবাহিনীর নজর ঘোরাতেই এই ধরনের পোস্টার লাগানো হতে পারে, যাতে পণ্ডিতদের নিরাপত্তা ঘিরে বাহিনী ব্যস্ত হয়ে পড়ে এবং সেই সুযোগে জঙ্গিরা পালানোর পথ খুঁজে নেয়।
চার থেকে পাঁচ বছর আগেও উপত্যকায় কয়েকজন কাশ্মীরি পণ্ডিত খুন হওয়ার ঘটনা ঘটেছিল। তার পরেই বড়সড় তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তদের অধিকাংশকেই নিকেশ করে নিরাপত্তাবাহিনী। সেই ঘটনার পর এই প্রথম আবার এ ধরনের হুমকি সামনে এল। তবে যে পোস্টারগুলি পড়েছে, সেগুলি সত্যিই জঙ্গিদের কাজ কি না বা এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি নিরাপত্তাবাহিনী। ফলে আতঙ্কের পাশাপাশি বাড়ছে অনিশ্চয়তাও।













