কালিয়াচকে সাত জন বিচারক হেনস্থার অভিযোগে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় নজর দিয়েছে দেশের শীর্ষ আদালত। ইতিমধ্যেই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে (CJI)।
শুনানির সময় প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, এই মামলার জন্য তাঁকে আদালতের ভিতরে মোবাইল আনতে হয়েছে, যা তিনি সাধারণত করেন না।
অভিযোগ, ওই দিন দুপুর থেকেই বিচারকদের ঘেরাও করে রাখা হয়েছিল। তাঁদের মধ্যে তিন জন মহিলা বিচারকও ছিলেন। বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে তাঁরা আটকে ছিলেন। বিষয়টি জানানো হয় হাইকোর্টকে এবং সেখান থেকে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
তবে অভিযোগ, রাত সাড়ে আটটা পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও উদ্ধার করতে অনেক দেরি হয়। অবশেষে রাত বারোটার পরে পুলিশ গিয়ে বিচারকদের উদ্ধার করে।
প্রধান বিচারপতি (CJI) জানান, রাত গভীর পর্যন্ত তাঁর কাছে এই ঘটনার খবর পৌঁছচ্ছিল। পরিস্থিতির গুরুত্ব এতটাই বেশি ছিল যে তাঁকে নিজে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করতে হয়েছে।
এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কেন এত দেরি হল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তদন্তের মাধ্যমে পুরো সত্য সামনে আনার চেষ্টা চলছে।












