ভোটের আগে দিনহাটায় নতুন করে রাজনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত মিলল। উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী উদয়ন গুহের ভাইপো জয় গুহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন (Dinhata)। শনিবার বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মনের হাত ধরে তিনি দলে যোগ দেন। সেই সময় উপস্থিত ছিলেন দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়-সহ অন্যান্য নেতারা।
বিজেপির দাবি, তৃণমূলের প্রতি অসন্তোষ থেকেই জয় গুহ এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, এলাকার মানুষ এখন নানা সমস্যার মধ্যে রয়েছেন এবং সেই কারণেই অনেকেই বিজেপির দিকে ঝুঁকছেন (Dinhata)।
বিজেপিতে যোগ দিয়েই জয় গুহ শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন (Dinhata)। তিনি বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তৃণমূলের কাজকর্মে তিনি হতাশ হয়েছেন। তাঁর অভিযোগ, উন্নয়নের নামে কাটমানির রাজনীতি চলছে। সেই কারণেই তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর দাবি, রাজ্যে আগের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে এবং তা ফিরিয়ে আনতে পরিবর্তন দরকার।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিজেপিকে জেতাতে হবে এবং সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করবেন।
অন্যদিকে এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহের ঘনিষ্ঠ নীলাঞ্জন ব্রহ্ম বলেন, এই ধরনের ঘটনা ভোটে কোনও প্রভাব ফেলবে না। তাঁর দাবি, উন্নয়নের নিরিখে উদয়ন গুহকে হারানো সম্ভব নয় এবং মানুষ উন্নয়ন দেখেই ভোট দেবেন।
তিনি আরও অভিযোগ করেন, ভোটের আগে এ ধরনের ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে। অতীতেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু তাতে কোনও প্রভাব পড়েনি বলেই দাবি করেন তিনি।
এবারের নির্বাচনে দিনহাটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ এবং বিজেপির প্রার্থী অজয় রায়। দুই পক্ষই জোরকদমে প্রচার শুরু করেছে। এর মধ্যেই জয় গুহর দলবদলকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।










