দিল্লির বিধানসভা (Delhi Assembly) চত্বরে সোমবার দুপুরে হঠাৎই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। একটি গাড়ি নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই আবার বেরিয়ে যায়। ঘটনায় চত্বরজুড়ে হুলস্থূল পড়ে যায়।
জানা গিয়েছে, গাড়িটির নম্বর উত্তর প্রদেশের। সূত্রের খবর, এটি দুই নম্বর গেট (Delhi Assembly) দিয়ে বিধানসভা চত্বরে প্রবেশ করে এবং পাঁচ মিনিটেরও কম সময়ে একই গেট দিয়ে বেরিয়ে যায়। সেই সময় চালকের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে জানা গেছে।
চত্বরে ঢোকার পর গাড়িটি কিছুক্ষণের জন্য থামে (Delhi Assembly)। তারপর স্পিকারের দফতরের বাইরের বারান্দায় একটি ফুলের তোড়া রেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। পরে সেই তোড়া পরীক্ষা করে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর গাড়িটি খুঁজে পেয়ে তা বাজেয়াপ্ত করে পুলিশ। চালক সরবজিৎ সিংকে গ্রেফতার করা হয়েছে দিল্লির রূপ নগর এলাকা থেকে। আরও দুই জনকে আটক করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একটি জোর শব্দ শোনা যায়, তারপর দেখা যায় একটি সাদা গাড়ি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকেছে। কিছুক্ষণের মধ্যে সেটি আবার দ্রুত বেরিয়ে যায়। এই পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায়।
কীভাবে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও একটি গাড়ি বিধানসভা চত্বরে ঢুকে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তা ব্যবস্থার বড় ফাঁকফোকর সামনে এসেছে বলেই মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







