লোকসভায় মাওবাদী আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বামপন্থী সংগঠনগুলিকে তীব্র আক্রমণ করেন এবং একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেন। তাঁর দাবি, দেশে বামপন্থী আন্দোলনের শুরু হয়েছিল বিদেশি প্রভাব থেকে। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের নানা দেশে যেমন বামপন্থী সংগঠনের জন্ম হয়েছিল, ভারতেও তেমনই হয়েছিল (Amit Shah)।
অমিত শাহ (Amit Shah) বলেন, উনিশশো পঁচিশ সালে ভারতে কমিউনিস্ট পার্টির জন্ম হয়। পরে বিভিন্ন সময়ে আরও একাধিক বামপন্থী দল গড়ে ওঠে। তাঁর অভিযোগ, এই সংগঠনগুলির মধ্যে কিছু অংশ গণতান্ত্রিক পথ ছেড়ে সশস্ত্র আন্দোলনের পথ নিয়েছিল। সংসদীয় ব্যবস্থার বিরোধিতা করেই তারা এগিয়েছে বলেও দাবি তাঁর।
এই প্রসঙ্গেই তিনি রাহুল গান্ধীর নাম উল্লেখ করেন। শাহর অভিযোগ, এক সময় এমন একটি মঞ্চে রাহুলকে দেখা গিয়েছিল, যেখানে মাওবাদীদের সমর্থনে স্লোগান উঠছিল। তাঁর দাবি, ওই মঞ্চে উপস্থিত অনেকেই নকশালপন্থী মতাদর্শের সমর্থক ছিলেন।
লাল সন্ত্রাস দমনে কেন্দ্রীয় সরকারের অবস্থানও স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্যা মোকাবিলা করার লক্ষ্য নেওয়া হয়েছে। তার মধ্যেই বিভিন্ন রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। সাম্প্রতিক এক অভিযানে এক মাওবাদীর মৃত্যুর খবর জানান তিনি।
এছাড়া, একাধিক হামলার মূল পরিকল্পনাকারী বলে পরিচিত এক মাওবাদী নেতার আত্মসমর্পণের ঘটনাকেও বড় সাফল্য হিসেবে তুলে ধরেন অমিত শাহ (Amit Shah)। তাঁর মতে, এই ধরনের ঘটনা প্রমাণ করছে যে সরকারের কড়া পদক্ষেপে মাওবাদী কার্যকলাপ দুর্বল হচ্ছে।
শেষে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন, কেউ যদি অস্ত্র তুলে নেয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা শুনে তা সমাধান করার জন্য সরকার প্রস্তুত রয়েছে।













