রাজ্যে আপাতত আকাশ মেঘলা থাকলেও ধীরে ধীরে ঝড়-বৃষ্টির দাপট কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Update)। তবে তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ার ইঙ্গিতও মিলছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (Weather Update)।
এর মধ্যেই পুরোপুরি বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Weather Update)।
সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে সামান্য ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সময়ের মধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। বুধবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে এবং তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে (Weather Update)।
কলকাতাতেও গরম বাড়ার ইঙ্গিত স্পষ্ট। সপ্তাহের শেষে শহরের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বর্তমানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশ বেশি, যার ফলে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি কিছুটা আলাদা। মঙ্গলবার সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়িতেও প্রবল দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।
মালদহ-সহ উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
সব মিলিয়ে রাজ্যে একদিকে ঝড়-বৃষ্টির প্রভাব থাকলেও অন্যদিকে ধীরে ধীরে গরম বাড়তে শুরু করবে। ফলে আগামী কয়েকদিন আবহাওয়ার এই পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।













