বিধানসভা ভোটের মুখে বড় অনিশ্চয়তায় পড়েছেন সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জলপাইগুড়ির রাজগঞ্জ কেন্দ্রে তাঁর নাম ঘোষণা হলেও এখনও পর্যন্ত তিনি প্রচার শুরু করতে পারেননি। এমনকি মনোনয়নপত্রও জমা দেননি। এর ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, শেষ মুহূর্তে কি প্রার্থী বদল করতে পারে তৃণমূল?
জানা গিয়েছে, স্বপ্না বর্মণ (Swapna Barman) রেলের চাকরিতে যুক্ত ছিলেন। ভোটে লড়ার জন্য তিনি চাকরি ছাড়ার আবেদন করেন। কিন্তু সেই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এর মধ্যে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে। অভিযোগ, ছুটিতে থাকা অবস্থায় তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এই নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়েছে।
সরকারি চাকরিতে থাকলে ভোটে লড়া আইনত সম্ভব নয়। তাই তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। আগামী সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেও তিনি মনোনয়ন জমা না দেওয়ায় প্রশ্ন আরও বাড়ছে (Swapna Barman)।
এই পরিস্থিতিতে রাজগঞ্জ কেন্দ্রের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়ের নাম আবার সামনে আসছে। শোনা যাচ্ছে, তাঁকে বিকল্প হিসেবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।
স্বপ্না বর্মণ প্রার্থী হওয়ার পর প্রথমে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল। খগেশ্বর রায় টিকিট না পাওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও পরে তিনি দলের হয়ে কাজ শুরু করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবকিছু আবার অনিশ্চিত হয়ে পড়েছে।
এখন সকলের নজর শেষ দিনের দিকে। স্বপ্না কি মনোনয়ন জমা দিতে পারবেন, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে প্রার্থী—এই প্রশ্নেই সরগরম রাজ্যের রাজনৈতিক মহল।













