প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই তৃণমূলের অন্দরে ক্ষোভ ক্রমশ বাড়ছে। একাধিক বিধায়ক টিকিট না পাওয়ায় অসন্তোষ ছড়িয়েছে (Sunil Singh)। সেই আবহেই নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে তাঁর পক্ষে দলে থাকা কঠিন।
নোয়াপাড়ার এবারের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন সুনীল (Sunil Singh)। তাঁর দাবি, অন্য এলাকা থেকে প্রার্থী এনে দাঁড় করানো হয়েছে, যা স্থানীয় মানুষ মেনে নিতে পারছেন না। তিনি বলেন, “এত দূর থেকে প্রার্থী আনা হল কেন? এলাকা থেকে যোগ্য মানুষ কি ছিল না? এখনও অনেকেই বলছেন, বাইরের প্রার্থীকে তাঁরা ভোট দেবেন না (Sunil Singh)।”
সুনীল সিং (Sunil Singh) আরও বলেন, দীর্ঘদিনের নেতা মঞ্জু বসুকে প্রার্থী না করা হয়েছে, যা নোয়াপাড়ার মানুষের কাছে অপমানের মতো। তাঁর মতে, এই সিদ্ধান্তে সাধারণ মানুষ এবং দলের কর্মীদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে।
তিনি (Sunil Singh) অভিযোগ করেন, দলে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে বিশ্বাস করা হয়নি। তাঁর কথায়, “যেখানে বিশ্বাস নেই, সেখানে থাকা উচিত নয়। আমার মনে হচ্ছে, এই দলে থাকার আর কোনও মানে নেই।”
উল্লেখযোগ্য, এর আগেও তাঁর দলবদল নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিরোধী শিবিরের নেতাদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ নিয়েও আলোচনা হয়েছিল রাজনৈতিক মহলে। সেই ঘটনার পর থেকেই তাঁর অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।
এখন তাঁর সাম্প্রতিক মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে, তিনি কি সত্যিই তৃণমূল ছাড়তে চলেছেন। নোয়াপাড়ার রাজনৈতিক পরিস্থিতিও এই ঘটনাকে ঘিরে ক্রমশ জটিল হয়ে উঠছে।













