পাহাড়ে ভয়াবহ দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল দুই যুবকের। বিয়েবাড়িতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে গেল একটি গাড়ি। ঘটনায় মৃত দু’জন, জখম আরও দু’জন। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে ১০ নম্বর জাতীয় সড়ক-এর ২৯ মাইল এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দুর্ঘটনাটি (Accident) ঘটে। ডুয়ার্স থেকে সিকিমের দিকে যাচ্ছিল গাড়িটি। বান্দারে ক্লিফের কাছে একটি মোড় ঘোরার সময় দ্রুত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তা থেকে ছিটকে গাড়িটি সোজা পাহাড়ের ধারে নীচে নেমে তিস্তা নদী-তে পড়ে যায়। পরে সেটি জলে ডুবতে শুরু করে।
গাড়িতে মোট চারজন ছিলেন। মৃতদের নাম অনিকেত প্রসাদ ও অমন গুপ্তা। তাঁরা সিকিমের গ্যাংটক-এর বাসিন্দা। আহতদের (Accident) নাম কুণাল গুপ্তা ও পবন কুমার। স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
ভোরবেলায় দুর্ঘটনার (Accident) জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কালিম্পং জেলার পুলিশ সুপার অপরাজিতা রাই জানান, দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। পাহাড়ি রাস্তায় অতিরিক্ত গতি যে কতটা বিপজ্জনক, এই ঘটনা আবারও তা মনে করিয়ে দিল।











