মালদহে রাজনৈতিক উত্তাপের মধ্যেই বড় কর্মসূচি নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে, শনিবার ইংরেজবাজারে মিছিলে হাঁটতে পারেন তিনি। তার আগে তাঁর দুটি সভা রয়েছে। সেই সভা শেষ করেই মিছিলে অংশ নেবেন বলে খবর।
সম্প্রতি মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখার ঘটনাকে ঘিরে জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। সেই প্রেক্ষিতেই মমতার এই মিছিলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত লোকসভা নির্বাচনে মালদহের দুই আসনেই পরাজিত হয়েছিল তৃণমূল। তাই এবার এই জেলায় জয়ের লক্ষ্যে আরও সক্রিয় হয়েছে দল। ইংরেজবাজারে এই প্রথমবার মিছিলে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে শুক্রবার এক সভা থেকে কেন্দ্রের শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, বাইরে থেকে এসে রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। মানুষকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তিনি এসবের জবাব দিতে প্রস্তুত।
মোথাবাড়ির ঘটনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর কথায়, এই ঘটনা বাংলার ভাবমূর্তি নষ্ট করেছে। তবে স্থানীয় মানুষ এতে জড়িত নন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, বাইরের কিছু লোক এসে এই অশান্তি তৈরি করেছে। ইতিমধ্যেই তদন্তে সেই প্রমাণ মিলেছে বলেও তিনি দাবি করেন।
এই পরিস্থিতিতে মালদহে মুখ্যমন্ত্রীর মিছিল ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।













