কেতুগ্রাম (Ketugram) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারে ছাদের একটি অংশ ভেঙে পড়ে চার মাসের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের উপর। মৃত শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা সানু বেসরা (Ketugram) । তিনি সরাসরি স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বহুবার কোয়ার্টার মেরামতের জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি অন্য কোয়ার্টারে যাওয়ার আবেদনও মানা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
স্বাস্থ্যকেন্দ্র (Ketugram) সূত্রে জানা গিয়েছে, কোয়ার্টারের অবস্থা নিয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবুও মেরামতের কাজ শুরু হয়নি। এই প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিকও স্বীকার করেছেন যে বিষয়টি জানানো হলেও কাজ হয়নি।
শুক্রবার রাতে হঠাৎ করেই কোয়ার্টারের ছাদের একটি অংশ ভেঙে পড়ে (Ketugram) । সেই সময় ঘরের ভিতরেই ছিল শিশুটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। শিশুটির মা শিবানী শোরেন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এবং বাবা সানু বেসরা একই এলাকায় ফার্মাসিস্ট হিসেবে কাজ করেন। কর্মসূত্রে তাঁরা ওই কোয়ার্টারেই থাকতেন।
ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। কেতুগ্রামের বিজেপি প্রার্থী মথুরা ঘোষ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং রাজ্য সরকার ও স্থানীয় বিধায়ককে দায়ী করেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক জানান, তিনি আগে উন্নয়নের জন্য টাকা দিয়েছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের অর্থ না পাওয়ায় কাজ সম্পূর্ণ করা যায়নি।
এই ঘটনার পর প্রশ্ন উঠছে, আগাম ব্যবস্থা নিলে কি এই মর্মান্তিক মৃত্যু এড়ানো যেত? সরকারি কোয়ার্টারের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।







