ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উত্তরপাড়া কেন্দ্রে রাজনৈতিক লড়াই ক্রমশ জমে উঠছে। একদিকে বাম শিবিরের তরুণ মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে তৃণমূল প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়, যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে (WB Election)। এই কেন্দ্রেই এবার হাই ভোল্টেজ লড়াইয়ের আভাস মিলছে।
শনিবার সকালে কোন্নগরের একটি ইদগাহে সাধারণ মানুষকে ইদের শুভেচ্ছা জানাতে যান তৃণমূল প্রার্থী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় (WB Election)। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। দু’জনের মধ্যে কিছুক্ষণ সৌজন্য বিনিময়ও হয়।
পরে শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, এই দিনটি উৎসবের, তাই তিনি প্রচার করতে আসেননি, বরং সকলকে ইদের শুভেচ্ছা জানাতে এসেছেন। তিনি আরও বলেন, এই লড়াই ব্যক্তিগত নয়, মতাদর্শের লড়াই।
অন্যদিকে, শীর্ষাণ্যের সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি নাম না করলেও মীনাক্ষী মুখোপাধ্যায়কে কটাক্ষ করে ‘পরিযায়ী প্রার্থী’ বলে মন্তব্য করেন (WB Election)। তাঁর দাবি, অতীতে সিপিআইএমের কাজের জন্য তাদের মানুষের কাছে মুখ দেখানোর জায়গা নেই এবং এবারের নির্বাচনেও তারা হারবে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মীনাক্ষী মুখোপাধ্যায় শান্তভাবে জবাব দেন। তিনি বলেন, ইদের দিন আনন্দের দিন, সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করছেন। এই দিনে তিনি চান সবাই ভাল থাকুক (WB Election)।
ভোটের আগে উত্তরপাড়া কেন্দ্রে এই রাজনৈতিক টানাপোড়েন আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।











