কোচবিহারের দিনহাটায় (Dinhata) ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। রবিবার সকালে ফকিরটারি এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে সোনা-গয়না, টাকা-পয়সা, আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সবকিছুই নষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা (Dinhata)।
স্থানীয় সূত্রে জানা যায়, কমল ঘোষ নামে এক বাসিন্দার বাড়িতে এই আগুন লাগে (Dinhata)। সকালে এলাকার মসজিদে নামাজ পড়তে গিয়ে কয়েকজন প্রথম আগুন দেখতে পান। এরপর মসজিদের মাইক থেকে খবর ছড়িয়ে দেওয়া হলে দ্রুত এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন (Dinhata)। পাশাপাশি দমকলকে খবর দেওয়া হয়। দমকল কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে অনেকটাই ক্ষতি হয়ে যায়।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। যদিও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির এক সদস্য জানান, এই ঘটনায় প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁদের আশঙ্কা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সব আলো-বিদ্যুৎ বন্ধই ছিল। তবুও কীভাবে আগুন লাগল, তা নিয়ে তাঁরা বিস্মিত।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হঠাৎ করে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।











