নির্বাচনী প্রচারে বেরিয়ে কোচবিহারে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী (BJP Candidate) রথীন্দ্রনাথ বোস। শনিবার শহরের তিন নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয় এবং জুতো দেখিয়ে প্রতিবাদ জানানো হয়।
জানা গিয়েছে, এদিন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে এলাকায় যান রথীন্দ্রনাথ বোস (BJP Candidate)। সেই সময় স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মী সমর্থকেরা তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে এই বিক্ষোভ চলতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপরও যখন বিজেপি প্রার্থী (BJP Candidate) আবার প্রচারে বের হন, তখন রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা স্লোগান দিতে থাকেন। তাঁদের হাতে জুতো নিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। বিজেপির মিছিল চলে যাওয়ার পর রাস্তা গঙ্গাজল দিয়ে পরিষ্কার করার ঘটনাও সামনে আসে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি প্রার্থী। তিনি তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ায় ক্ষোভ রয়েছে। সেই সঙ্গে বিজেপির উস্কানিমূলক মন্তব্যের কারণেই সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে কোচবিহারে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।










