ভোটের আগে আবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ক্যানিং পূর্বের প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলার অভিযোগ ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে (Bhangarh)। পালটা বিক্ষোভে রাস্তায় নামে তাঁর দলের কর্মী-সমর্থকেরা। দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
বুধবার ক্যানিং মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন আরাবুল ইসলাম (Bhangarh)। অভিযোগ, সেখান থেকে ফেরার সময় ভাঙড়ের শাঁকশহর এলাকায় তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাঁর দলের অভিযোগ, প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা গাড়িতে ইট ছুড়ে আক্রমণ করেন।
এই ঘটনার পরই এলাকায় (Bhangarh) উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বহু কর্মী-সমর্থক। লাঠি হাতে এগিয়ে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অশান্তি থামাতে লাঠিচার্জ করা হয়। কিছু সময়ের জন্য গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
উল্লেখ্য, ভোটের আগে দল বদল করে নতুন দলে যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। ক্যানিং পূর্ব কেন্দ্রে তাঁর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে তৃণমূল প্রার্থীর। এই ঘটনার পর ভোটের আগে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল বলে মনে করছেন অনেকেই। যদিও এই অভিযোগ নিয়ে প্রতিপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।











