একটি মজার ভিডিও তৈরি করেই বড় বিতর্কে জড়িয়ে পড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)-এর বোন শ্রেষ্ঠা আইয়ার। ভাইয়ের পাশে দাঁড়িয়ে একটি রিল বানিয়ে প্রতিপক্ষ দলকে হালকা কটাক্ষ করেছিলেন তিনি। কিন্তু সেই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কেকেআর সমর্থকদের একাংশের রোষের মুখে পড়তে হয় তাঁকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভিডিওটি মুছে ফেলেন শ্রেষ্ঠা। যদিও তিনি জানিয়েছেন, তিনি কোনও ভুল করেননি (Shreyas Iyer)।
ঘটনার সূত্রপাত আইপিএলের এক ম্যাচের পর। ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস-এর ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ফলে দুই দলই এক পয়েন্ট করে পায়। সেই ঘটনার পরেই একটি ভিডিও বানান শ্রেষ্ঠা (Shreyas Iyer)। সেখানে তিনি মজার ছলে বলেন, তাঁরা নাকি বড় মনের মানুষ, তাই এক পয়েন্ট দিয়ে দিয়েছেন। যদিও কোথাও সরাসরি কেকেআরের নাম বলেননি, তবুও ইঙ্গিতটি স্পষ্ট ছিল বলেই মনে করেন অনেকে।
এই মন্তব্য ভালভাবে নেননি কেকেআর সমর্থকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই পাল্টা বলেন, কেকেআরের একাধিক শিরোপা রয়েছে, কিন্তু পাঞ্জাবের নেই। এখানেই থামেনি বিষয়টি। শ্রেষ্ঠার দাবি, তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে এবং হুমকিও দেওয়া হয়েছে (Shreyas Iyer)।
এই পরিস্থিতিতে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তাঁর বক্তব্য, তিনি সম্পূর্ণ মজার ছলে ভিডিওটি বানিয়েছিলেন, কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। কিন্তু অনেকেই বিষয়টি অন্যভাবে নিয়েছেন। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি, যখন এই ভিডিওকে কেন্দ্র করে কুৎসা এবং হুমকি সহ্য করতে হয়েছে। সেই কারণেই ভিডিওটি মুছে ফেলেছেন, তবে ভুল স্বীকার করে নয়।
তিনি আরও জানিয়েছেন, তাঁর ভাই এবং তাঁর দলের প্রতি তাঁর পূর্ণ সম্মান রয়েছে। তিনি কখনও নেতিবাচক কিছু চান না। শেষে সকলের কাছে তাঁর আবেদন, সবাই যেন একটু বেশি সহনশীল হন এবং একে অপরকে বোঝার চেষ্টা করেন।













